আজ ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান


দীর্ঘ ২২ বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভার প্রস্তুতি চলছে। ছবি: সংগৃহীত । ছবি: সংগৃহীত
দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। তার এ সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালের ৮ ডিসেম্বর ঠাকুরগাঁও সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর তার আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। জনসভা সফল করতে শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শুরু হয়।
বিএনপির কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তারেক রহমান ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেবেন। এরপর বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁও পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় তিনি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে দুপুর ১টার দিকে নীলফামারীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, দীর্ঘ ২২ বছর পর দলের চেয়ারম্যানের আগমনে ঠাকুরগাঁওয়ের ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই জনসভা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ভাবনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও জানান, তারেক রহমানের সফর ঘিরে জেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন এবং জনসভায় জেলার তিনটি আসনের পাশাপাশি পঞ্চগড় ও দিনাজপুরের একটি করে আসনের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। এতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, জনসভায় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একাধিক দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে—ঠাকুরগাঁওয়ে ইপিজেড প্রতিষ্ঠা, বন্ধ বিমানবন্দর পুনরায় চালু, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পকারখানা স্থাপন।
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা।









