ঢাকা-৮ আসনে জনগণের রায়ের অপেক্ষায় মির্জা আব্বাস

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:০৮ পিএম
ঢাকা-৮ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি সংগৃহীত

ঢাকা-৮ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ছবি সংগৃহীত

নির্বাচনি মাঠে প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণা উপেক্ষা করে ভোটারদের ওপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, রাজনীতিতে মিথ্যাচার ও অনাচারের যে পথ প্রতিপক্ষ বেছে নিয়েছে, তার দাঁতভাঙা জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, নির্বাচনের দিন জনগণই শেষ কথা বলবে এবং সেই রায়ই হবে চূড়ান্ত।

এলাকার মানুষের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, এই এলাকাতেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তাঁর বাবা-মা ও পূর্বপুরুষদের কবরও এখানেই রয়েছে। রাজনীতির কারণে বহুবার ফেরারি জীবন কাটাতে হয়েছে, নানা ঝুঁকির মুখে পড়তে হয়েছে, কিন্তু কখনোই এলাকার মানুষের পাশ ছাড়েননি বলে দাবি করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন—তাঁর দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। কোনো অসহায় মানুষ তাঁর কাছে এসে খালি হাতে ফিরে গেছে, এমন নজির কেউ দেখাতে পারবে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান। তাঁর ভাষায়, কারো চরিত্রহনন সুস্থ রাজনীতির অংশ হতে পারে না। নোংরা রাজনীতি পরিহার করে অতীতে এলাকার জন্য কী করা হয়েছে এবং ভবিষ্যতে কী করা হবে, তা জনগণের সামনে তুলে ধরাই উচিত।

তিনি আরও বলেন, এলাকার মানুষ সচেতন এবং তারা ভালোভাবেই বোঝে কাকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব। জয়-পরাজয় বড় বিষয় নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তিনি আগেও জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকা-৮ আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভোটারদের সচেতন সিদ্ধান্তই নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।