কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৫৯ এএম
সাবেক পানিসম্পদমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি সংগৃহীত

সাবেক পানিসম্পদমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি সংগৃহীত

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করলে রমেশ চন্দ্র সেনকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন, ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমেশ চন্দ্র সেন হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার গণমাধ্যমকে বলেন, “আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।