টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়ায় জাতির অপমান হয়েছে: জামায়াত আমির


টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অপারগতা জানালে বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টিকে ক্রিকেটার ও জাতির জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (আজ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনটি সাধারণত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের হলেও এবার তা হতাশায় পরিণত হয়েছে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ক্রিকেটপ্রেমীরা টাইগারদের মাঠের লড়াই ও জয়ের উল্লাস থেকে বঞ্চিত হয়েছেন। তার ভাষায়, আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের অধিকার থাকা সত্ত্বেও সেটি কেড়ে নেওয়া হয়েছে।
জামায়াত আমিরের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে কেবল বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখা হয়নি, বরং দেশের ক্রিকেটারদের পাশাপাশি পুরো জাতিকেই অপমান করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই লাল-সবুজের প্রতিনিধিত্ব থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মর্যাদা ও জাতীয় স্বপ্নের প্রশ্নে কোনো আপস করা যায় না। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করা উচিত নয় এবং বাংলাদেশের সম্মান রক্ষায় দৃঢ় অবস্থান প্রয়োজন।
স্ট্যাটাসের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাথা উঁচু করে ফিরবে। তার ভাষায়, শক্তি, গর্ব ও সম্মানের সঙ্গে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান পুনরুদ্ধার করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে ইতোমধ্যে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে আইসিসির সিদ্ধান্ত ও বাংলাদেশের পরবর্তী অবস্থান কী হয়, তা নিয়েই এখন নজর সংশ্লিষ্টদের।








