মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ


মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের প্রস্তুতি চলছেই পোখারায়। ছবি: সংগৃহীত
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বেলা ৩টায় নেপালের পোখারায় মাঠে মুখোমুখি হবে এই দুই দল।
২০২৪ সালের নাটকীয় ফাইনালের এক বছর পর আবারও এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গতবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারও ১১-১১ সমতায় শেষ হয়। ফলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।
গ্রুপপর্বে ভারতকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। প্রধান কোচ পিটার বাটলার বলেন, “আমরা অনুশীলন যতটা সম্ভব কম করার চেষ্টা করেছি, কারণ অনুশীলনের মাঠ খেলার উপযোগী নয়। অন্যান্য দেশও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দুর্ভাগ্যবশত আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রধান লক্ষ্য একটি সুস্থ দল মাঠে নামানো। সবার সুস্থতা আমার কাছে সর্বোচ্চ।”
বাটলার আরও বলেন, “ভারত কীভাবে খেলবে তা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কিছু মেধাবী খেলোয়াড় রয়েছে। আমাদের সেরা ফর্মে থাকতে হবে, একদম সতেজ। সবচেয়ে বড় কথা, তাদের আবারও হারাতে হবে।”
ইনজুরির কারণে টুর্নামেন্টে কোচকে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। তার মতে, শনিবারের ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি বড় পার্থক্য গড়ে দেবে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়েছিল, পরের বছর যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল উভয় দল। এবার বাংলাদেশের সামনে সুযোগ আবারও এককভাবে শীর্ষে ওঠার।







