Something went wrong

বাংলাদেশে নিপাহের মতো প্রাণঘাতী নতুন ভাইরাস শনাক্ত

হেলথ ডেস্ক
হেলথ ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৩৭ এএম
বাংলাদেশে বাদুড়বাহিত প্রাণঘাতী টেরোপাইন অর্থোরিওভাইরাস (PRV) শনাক্ত, কাঁচা খেজুরের রসের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বাদুড়বাহিত প্রাণঘাতী টেরোপাইন অর্থোরিওভাইরাস (PRV) শনাক্ত, কাঁচা খেজুরের রসের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা। ছবি: সংগৃহীত

২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, ক্লান্তি, অতিরিক্ত লালা নিঃসরণ ও স্নায়ুবিক সমস্যায় পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাদের অসুস্থতাকে নিপাহ ভাইরাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়েছিল। তবে গবেষকরা সতর্ক করেছেন, প্রকৃত কারণ ছিল বাদুড়বাহিত টেরোপাইন অর্থোরিওভাইরাস (PRV)।

এই পাঁচজন রোগীর সবাই কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা বাদুড়ের প্রিয়। বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রধান বাহক হিসেবে বাদুড় পরিচিত। তবে পরীক্ষায় সবার নিপাহ ভাইরাসের ফলাফল নেগেটিভ আসে।

রোগীদের মধ্যে তিনজন দীর্ঘস্থায়ী ক্লান্তি, বিভ্রান্তি এবং শ্বাসকষ্টসহ হাঁটাচলায় সমস্যার কথা জানিয়েছেন। একজন রোগীর অবস্থা অবনতির কারণে ২০২৪ সালে মৃত্যু হয়েছে।

গবেষকরা নিশ্চিত করেছেন, রোগীরা আসলে টেরোপাইন অর্থোরিওভাইরাস (PRV)-এ আক্রান্ত ছিলেন। বাদুড় র‌্যাবিস, নিপাহ, হেনড্রা, মারবার্গ এবং সার্সের মতো অসংখ্য প্রাণঘাতী ভাইরাসের বাহক হিসেবে পরিচিত।

প্রতিবেশী দেশে পিআরভি সংক্রমণ সাধারণত হালকা প্রকৃতির হলেও বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন রোগীর ক্ষেত্রে তীব্র শ্বাসকষ্ট ও স্নায়ুবিক উপসর্গ দেখা গেছে। গবেষণায় বলা হয়েছে, “শনাক্ত পাঁচজনের শ্বাসযন্ত্রের সমস্যা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের তুলনায় অনেক গুরুতর।”

গবেষক নিশ্চয় মিশ্র বলেছেন, “কাঁচা খেজুরের রস পানের স্বাস্থ্যঝুঁকি শুধুমাত্র নিপাহ ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি নতুন ভাইরাস শনাক্তের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে বিস্তৃত নজরদারির গুরুত্বও প্রমাণ করে।”

গবেষকরা পদ্মা নদীর আশপাশ থেকে ধরা পড়া বাদুড়ের মধ্যেও জিনগতভাবে একই ধরনের পিআরভি শনাক্ত করেছেন। আরিফুল ইসলাম জানান, “আমরা এখন বাদুড় থেকে মানুষ এবং গৃহপালিত পশুর মধ্যে ভাইরাস ছড়ানোর প্রক্রিয়া বোঝার চেষ্টা করছি।”

গবেষকরা এমন এলাকায় কাঁচা খেজুরের রস পানকারীদের জন্য বিশেষ নজরদারির আহ্বান জানিয়েছেন এবং শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসায় নিপাহ ও পিআরভিসহ অন্যান্য বাদুড়বাহিত ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

Advertisement