তারেক রহমানকে মুখোমুখি আলোচনার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা আসে—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, স্বচ্ছতা ও জনআস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না। তার ভাষায়, “বৈধতা আসে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না।”
তিনি আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর দেশের রাজনীতিকে মার্জিত ও সংঘাতমুক্ত প্রমাণ করার একটি ঐতিহাসিক দায় বর্তমান রাজনৈতিক নেতৃত্বের ওপর রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে রাজনীতির ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জামায়াত আমির।
জামায়াত আমির লেখেন, সংবাদমাধ্যম ও জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ শাসনের এমন একটি মানদণ্ড স্থাপন করা দরকার, যা হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং সমালোচনা সহনশীল। তার মতে, এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠলেই গণতন্ত্র শক্তিশালী হবে।
মুখোমুখি আলোচনার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, তাই একটি প্রকাশ্য মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমেই জাতির সামনে নিজ নিজ ইশতেহার উপস্থাপন করা যেতে পারে। সেখানে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি।
উপসংহারে জামায়াত আমির বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করার এখনই সময়, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তার এই আহ্বান দেশের চলমান রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









