হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১২:৪৫ পিএম
ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সংঘর্ষের পর কর্মসূচি ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সংঘর্ষের পর কর্মসূচি ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটি জানায়, যমুনা অভিমুখে যাওয়ার সময় জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে শতাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করা হয় এবং তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানানো হয়। তবে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে কর্মসূচিতে ফেরার অনুরোধ করা হয়।

অন্যদিকে, হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নন।

সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।