আলোচনা অব্যাহত রাখার সম্মতিতে শেষ ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক


ওমানের রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
সামরিক উত্তেজনার আশঙ্কার মধ্যেই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়ে শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাসকটে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ এই বৈঠক ইতিবাচক পরিবেশে শেষ হয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার এই উদ্যোগ নেওয়া হয়। বৈঠকে ইরানের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার। বৈঠকটি হয় ওমানের মধ্যস্থতায়।
গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় দেশটির কঠোর অবস্থানে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র একাধিক হুমকি দেয়। একপর্যায়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানবাহী রণতরী ও কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে সামরিক সংঘাত এড়াতে উভয় দেশ আলোচনায় বসতে সম্মত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আব্বাস আরাকচি বলেন, ‘এই ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা বিষয়ে একটি গঠনমূলক কাঠামোতে পৌঁছাতে পারব।’ তিনি জানান, মাসকটে একাধিক পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনা অব্যাহত থাকবে, তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে পরবর্তী আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। বৈঠকে উভয় পক্ষ নিজেদের দৃষ্টিভঙ্গি, উদ্বেগ এবং স্বার্থের বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে বলে জানান তিনি।
ফারস নিউজের বরাতে সিনহুয়া জানায়, মাসকটের এই বৈঠককে উভয় পক্ষই ‘ভালো শুরু’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ওয়াশিংটন ও তেহরান সম্মত হয়েছে।
চলমান উত্তেজনার মধ্যে এই বৈঠক ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আলোচনা অব্যাহত থাকলে পারমাণবিক ইস্যুতে অচলাবস্থা কাটতে পারে বলেও আশা করা হচ্ছে।










