সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা


শাহবাগে সমবেত হয়ে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি:সংগৃহীত
দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগে আয়োজিত সমাবেশে প্রকৌশল অধিকার আন্দোলনের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং বুয়েট শিক্ষার্থী জুবায়ের এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে রাত সোয়া ১০টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রেসিডেন্ট ওয়ালিউল্লাহ বলেন, “আমাদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি। গত দুই দিন আমরা দেশজুড়ে সড়ক অবরোধ করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। আজ শাহবাগে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত হয়েছেন। আমরা চাইলে আরও কঠোর কর্মসূচি দিতে পারি, তবে আপাতত জনদুর্ভোগ সৃষ্টি করবো না।” তিনি অভিযোগ করেন, পুলিশি হামলায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।
বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থী জুবায়ের আহমেদ জানান, বৃহস্পতিবার থেকে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন কার্যকর হবে। এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিকেল ৫টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সাংবাদিকদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকৌশল অধিকার আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও ছাত্রনেতার অবস্থান দেখে আমরা বিস্মিত। অথচ পুলিশের হামলায় শুধু প্রকৌশল নয়, ঢাবিরও অন্তত চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে আন্দোলনকারীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে আবারও সরকারের সঙ্গে আলোচনার কথা রয়েছে।










