ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
১২ মার্চ, ২০২৬ এ ৫:৪৩ এএম
ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই। ছবি: সংগৃহীত

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) টানা সাত দিন বন্ধ থাকবে। আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই সময়ে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির পাশাপাশি ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শেয়ারবাজারের সব কার্যক্রম স্থগিত থাকবে।

শেয়ারবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে বিনিয়োগকারীরা কোনো লেনদেন করতে পারবেন না এবং উভয় স্টক এক্সচেঞ্জের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে ছুটি শেষে আগের নিয়মেই বাজারের কার্যক্রম পরিচালিত হবে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর শেয়ার লেনদেন পরিচালিত হয় সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

এ ছাড়া প্রতিদিন নিয়মিত লেনদেন শেষে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন করা হয়। এই সময়ের মধ্যে সীমিত আকারে লেনদেন নিষ্পত্তির কাজ হয়।

টানা সাত দিনের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে ডিএসই ও সিএসইতে আবারও নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল ফিতরের ছুটি শেষে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা আবার বাড়বে বলে আশা করা হচ্ছে।