মেটা এবার বিজ্ঞাপনদাতাদের থেকে অতিরিক্ত চার্জ নেবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ মার্চ, ২০২৬ এ ৬:৫৭ এএম
মেটা ইউরোপে বিজ্ঞাপনদাতাদের ওপর নতুন অতিরিক্ত ফি আরোপের ঘোষণা দিয়েছে। ছবি: সংগৃহীত

মেটা ইউরোপে বিজ্ঞাপনদাতাদের ওপর নতুন অতিরিক্ত ফি আরোপের ঘোষণা দিয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ‘লোকেশন ফি’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ফি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ফি ছবি ও ভিডিও বিজ্ঞাপন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ক্লিক-টু-মেসেজ প্রচারণা ও বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপনে প্রযোজ্য হবে।

ইউরোপের ছয়টি দেশে নতুন এই ফি কার্যকর হবে। যুক্তরাজ্যে ফি ধার্য করা হয়েছে ২%, ফ্রান্স, ইটালি ও স্পেনে ৩%, আর অস্ট্রিয়া ও তুরস্কে ৫%। মেটা জানিয়েছে, বিজ্ঞাপনদাতার ব্যবসার অবস্থান নয়, বরং যে দেশে বিজ্ঞাপন দেখানো হবে সেই দেশের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হবে।

মেটা এতদিন এই অতিরিক্ত খরচ নিজেই বহন করছিল। তবে নতুন বৈশ্বিক নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপে ডিজিটাল কর কার্যকর হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে।

এর আগে গুগল ও অ্যামাজনও একই ধরনের অতিরিক্ত ফি নেয়ার পথ বেছে নিয়েছিল। মেটার নতুন সিদ্ধান্তের ফলে বিজ্ঞাপন বাজারে খরচ কিছুটা বাড়তে পারে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, এটি ব্যবসার জন্য প্রয়োজনীয় এবং পরিবর্তিত নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অংশ।

ডিজিটাল কর সাধারণত বড় প্রযুক্তি কোম্পানির স্থানীয় আয়ের ওপর নির্দিষ্ট হারে আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রশাসন এই করকে মূলত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত চাপ হিসেবে দেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ফি প্রযুক্তি খাতে নতুন অর্থনৈতিক ভারসাম্য আনতে পারে।

মেটা জানিয়েছে, ফি কার্যকর হওয়ার পর বিজ্ঞাপনদাতাদের খরচের হিসাব পরিবর্তিত হবে। প্রতিষ্ঠান আরও জানিয়েছে, গ্রাহক ও বিজ্ঞাপনদাতাদের স্বচ্ছতা বজায় রাখতে তারা নিয়মিত তথ্য সরবরাহ করবে।