প্রতিশ্রুতি রক্ষা করে বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা মাঠকর্মীদের দিলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ মার্চ, ২০২৬ এ ৬:১৪ এএম
বিপিএলের টুর্নামেন্ট সেরা পুরস্কারের ১০ লাখ টাকা মিরপুরের মাঠকর্মীদের হাতে তুলে দেন পেসার শরিফুল ইসলাম। ছবি সংগৃহীত

বিপিএলের টুর্নামেন্ট সেরা পুরস্কারের ১০ লাখ টাকা মিরপুরের মাঠকর্মীদের হাতে তুলে দেন পেসার শরিফুল ইসলাম। ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার অনেক দিন পর নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বিপিএলের দ্বাদশ আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে পাওয়া ১০ লাখ টাকার পুরো অর্থ তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের হাতে তুলে দিয়েছেন।

বিপিএলের দ্বাদশ আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শরিফুল ইসলাম। ফাইনালে দল শিরোপা জিততে না পারলেও পুরো আসরে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করে তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এর মাধ্যমে বিপিএলের ইতিহাসে প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার হিসেবে এই সম্মান অর্জন করে নতুন নজিরও গড়েন তিনি।

টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছিলেন শরিফুল। তবে সেই সময় তিনি নগদ অর্থ হাতে পাননি। কয়েক দিন পর অর্থ হাতে পাওয়ার পরই নিজের ঘোষণা অনুযায়ী পুরো অর্থ মিরপুরের মাঠকর্মীদের জন্য দান করেন এই টাইগার পেসার।

ক্রিকেট অঙ্গনে শরিফুলের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। মাঠকর্মীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের জন্য উইকেট ও মাঠ প্রস্তুত রাখেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে বর্তমানে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে রয়েছেন শরিফুল ইসলাম। যদিও বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।

অন্যদিকে ওই ম্যাচে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুণ পেসার নাহিদ রানা। নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করে (ফাইফার) নজর কাড়েন তিনি, যা বাংলাদেশের পেস আক্রমণে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।