৪৮তম বিসিএসে ইতিহাস, ঈশ্বরগঞ্জের একই স্কুলের ৬ জন স্বাস্থ্য ক্যাডারে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:১০ পিএম
৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়া ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছয় সাবেক শিক্ষার্থী।

৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়া ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছয় সাবেক শিক্ষার্থী।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষার্থী ৪৮তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে চিকিৎসক হিসেবে যোগদান করেছেন। তারা ১৯ ফেব্রুয়ারি নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। একই বিদ্যালয়ের এতজন শিক্ষার্থীর একসঙ্গে স্বাস্থ্য ক্যাডারে যোগদান এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়া ছয়জন হলেন—২০০৯ ব্যাচের আনোয়ার রহমান ইমন, ২০১২ ব্যাচের নির্জনা রাউত তন্বী, ২০১৩ ব্যাচের অনন্যা সরকার, ২০১৪ ব্যাচের আনিসুর রহমান রিয়াদ, নিশাত ফারহানা ও জয়িতা দাস। তারা দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন আনিসুর রহমান। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি বলেন, “স্কুল জীবন শেষ করার আগেই বাবাকে হারাই। বাবার স্বপ্ন ছিল আমাকে চিকিৎসক হিসেবে দেখতে। আজ সেই স্বপ্ন পূরণ হলেও তিনি তা দেখে যেতে পারেননি।” একইভাবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন আনোয়ার রহমান ইমন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং এর আগে পরিবার পরিকল্পনা ক্যাডারে মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন অনন্যা সরকার এবং ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন জয়িতা দাস। অনন্যা সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। জয়িতা দাস একই কলেজের ডেন্টাল ইউনিট থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। অন্যদিকে, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে যোগ দিয়েছেন নির্জনা রাউত, যিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগ থেকে বিডিএস সম্পন্ন করেন। নিশাত ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেছেন। তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।

ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল বলেন, “আমাদের বিদ্যালয়ের ছয়জন সাবেক শিক্ষার্থী একই বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগদান করায় আমরা অত্যন্ত গর্বিত। এটি বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” এলাকাবাসীরাও তাদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

৪৮তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব তরুণ চিকিৎসকের যোগদানে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।