সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ধনবাড়ীতে যৌথ বাহিনীর মহড়া


নির্বাচন ও গণভোট সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে যৌথ বাহিনীর জনসচেতনতামূলক সশস্ত্র মহড়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে যৌথ বাহিনীর সশস্ত্র টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ধনবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এই মহড়া পরিচালিত হয়। মহড়ার মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ, নিরাপত্তা তৎপরতা জোরদার এবং ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান। তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধীন টাঙ্গাইল-১ সংসদীয় আসনের ধনবাড়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মারুফের নেতৃত্বে ১১০ জন সেনাসদস্য মহড়ায় অংশ নেন। এ ছাড়া বিজিবি সুবেদার নজরুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
টাঙ্গাইল-১ আসনের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রিফাত জানান, “বিজিবি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসনের সমন্বয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।










