ব্রাজিল দলে ফেরার আগে ইনজুরিতে নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫ এ ৪:০৩ এএম
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে সেলেকাও জার্সিতে তার প্রত্যাবর্তনের আশায় ছিল সমর্থকরা। তবে সে প্রত্যাশায় ধাক্কা দিল নতুন ইনজুরি। আবারও মাঠের বাইরে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান এই তারকাকে।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর দুই দফায় দলে ডাক পেলেও চোটের কারণে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তার ফেরার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন ঊরুর ইনজুরিতে পড়েন সান্তোসের এই ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার ঊরুতে চোট ধরা পড়ে। বিষয়টি সান্তোস ক্লাব ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে। ক্লাব সূত্রে জানা যায়, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি ইতোমধ্যেই চিকিৎসা শুরু করেছেন।

এর আগে চোট কাটিয়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন নেইমার। এতে জাতীয় দলে ফেরার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়ে প্রথম থেকেই কিছুটা দ্বিধায় ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে। সবকিছু ঠিক থাকলে নেইমার ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার ছাড়াই কোচ আনচেলত্তি দল সাজাতে বাধ্য হচ্ছেন। ফলে সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।