দলে ডাক পেয়েও আবার ইনজুরিতে নেইমার, ব্রাজিল স্কোয়াডে থাকা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ মার্চ, ২০২৬ এ ৪:৪৩ এএম
মাংসপেশির চোটে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগে অনিশ্চয়তায় পড়েছেন তারকা ফুটবলার নেইমার । ছবি: সংগৃহীত

মাংসপেশির চোটে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগে অনিশ্চয়তায় পড়েছেন তারকা ফুটবলার নেইমার । ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর আবারও ইনজুরিতে পড়েছেন তারকা ফুটবলার নেইমার। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দুটির জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার। তবে নতুন করে মাংসপেশিতে চোট পাওয়ায় তার চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ব্রাজিলের শীর্ষ লিগে আজ মিরাসলের বিপক্ষে সান্তোসের ম্যাচে মাঠে নামার কথা ছিল নেইমারের। এই ম্যাচটি দেখতে মাঠে থাকার কথা ছিল ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির, যাতে তিনি নেইমারের বর্তমান ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারেন। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত ওই ম্যাচে খেলতে পারেননি সান্তোসের এই ফরোয়ার্ড।

ক্লাব সূত্রে জানা গেছে, নেইমারের মাংসপেশিতে চোট গুরুতর নয়। তবুও সতর্কতার কারণে তাকে মিরাসলের বিপক্ষে ম্যাচ থেকে বিশ্রামে রাখা হয়েছে। তবে এই অনুপস্থিতি জাতীয় দলে তার জায়গা ধরে রাখার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী ১৬ মার্চ। তার আগের দিন ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের। তবে ওই ম্যাচে ব্রাজিল কোচ আনচেলত্তি উপস্থিত থাকবেন না বলে জানা গেছে।

ফিটনেস নিয়ে কোচকে সন্তুষ্ট করতে না পারলে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হারাতে পারেন ৩৪ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

বর্তমানে তার ইনজুরি পরিস্থিতি এবং আসন্ন ম্যাচে পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে ব্রাজিলের প্রীতি ম্যাচের স্কোয়াডে তার অন্তর্ভুক্তি। তাই আগামী কয়েকদিন নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।