পরমাণু ইস্যুতে আজ জেনেভায় বৈঠক যুক্তরাষ্ট্র-ইরানের

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:০৬ এএম
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক আজ (১৭ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। উচ্চ পর্যায়ের এই আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ওমানের মধ্যস্থতায় প্রথম দফার বৈঠকে তেহরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর প্রতিশ্রুতি দেয়। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে জেনেভায় যান আরাগচি। তিনি জানিয়েছেন, এবার ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তির জন্য বাস্তব প্রস্তাব নিয়ে এসেছেন।

এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে, তবে চুক্তিতে পৌঁছানো সহজ হবে না।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। তার বিশ্বাস, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

তবে বৈঠকের আগে ইরান স্পষ্ট করেছে, নিষেধাজ্ঞা শিথিল না হলে কোনো চুক্তি সম্ভব নয়। তেহরানের দাবি, সমঝোতা হলে তা হবে ‘দেওয়া-নেয়া’র ভিত্তিতে; শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি তারা মানবে না। ফলে জেনেভার এই বৈঠক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।