সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে গেলেন বিএনপির এমপিরা


সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ কক্ষে উপস্থিত বিএনপির নবনির্বাচিত এমপি ও নেতৃবৃন্দ। ছবি :সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত হলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধানে এখনও সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আইনত স্বীকৃত নয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আজ আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটাকে ধারণ করা হয়নি। গণভোটের ফলাফলের পর সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সদস্য কে হবে এবং কে শপথ নেবে, তা সংবিধানে বিধিবদ্ধ করতে হবে।”
তিনি আরও ব্যাখ্যা করেন, শপথের নির্দিষ্ট ফর্মটি সংবিধানের তৃতীয় তফসিলে থাকে। বর্তমানে যে ফর্ম ব্যবহার হচ্ছে, তা সাধারণ। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত হলে এবং জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে কেবল সদস্যদের শপথ নেওয়ার আইনি ভিত্তি তৈরি হবে। এর আগে অংশ নেওয়া সাংবিধানিক হবে না।
বিএনপি এই অবস্থানকে সাংবিধানিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা সবসময় সংবিধান মেনে চলি এবং ভবিষ্যতেও চলব। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এমন অবস্থায়, মঙ্গলবার নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও টেকনিক্যাল ও আইনি অসঙ্গতির কারণে তারা সংবিধান সংস্কার পরিষদের অংশ হতে রাজি হননি। বিএনপি মনে করছে, যথাযথ আইনি কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় অংশ নেওয়া সংবিধানসম্মত হবে না।







