মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে আজ

ধর্ম ডেষ্ক
ধর্ম ডেষ্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:৩৯ এএম
সংগৃহীত প্রতীকী ছবি

প্রতীকী ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের মুসলিমদের জন্য ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের সকল মুসলিম নাগরিককে সন্ধ্যায় চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার শাবান মাসের ২৯ তারিখ। যদি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস গণনা শুরু হবে। আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চাঁদ দেখা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানাবে।

আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি। যারা চাঁদ দেখবেন চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে, তাদেরকে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

রমজান মাস হলো ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। এটি শুধু সিয়াম বা রোজার মাস নয়, বরং আল্লাহর রহমত বর্ষণের, গুনাহ মাফের এবং জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময় হিসেবে পরিচিত। কোরআন ও সহিহ হাদিসে রমজান মাসের মর্যাদা ও ফজিলত স্পষ্টভাবে উল্লেখ আছে।

রমজান মাসে মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয়সহ অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়।