সাড়ে ১১টায় বিএনপির সংসদীয় দলের বৈঠক, নেতা নির্বাচনের দিকনির্দেশনা


সংসদ ভবনে সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপির নবনির্বাচিত এমপি ও নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেওয়ার পর সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে বসছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদীয় দলের বৈঠক। বৈঠকের প্রধান বিষয়—সংসদ নেতা নির্বাচন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। গত শুক্রবার রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শপথের এক ঘণ্টার মধ্যেই সংসদ ভবনে শুরু হবে সংসদীয় দলের বৈঠক। দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, বৈঠকে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনা কৌশল, সরকারের অগ্রাধিকার এবং নীতি-নির্ধারণ বিষয়েও আলোচনা হতে পারে।
সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “সংসদীয় দলের সভায় নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এমনটাই প্রত্যাশা।”
বৈঠকের পর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই দিনের মধ্যেই নতুন সরকারের রূপরেখা স্পষ্ট হবে। রাজনৈতিক মহলে সাড়ে ১১টার বৈঠকের দিকে সকলের নজর থাকবে, কারণ এখানেই নির্ধারিত হবে সংসদ ও সরকারের নেতৃত্বের আনুষ্ঠানিক পথচলা।







