গাজায় মানবিক বিপর্যয়, ত্রাণ ঢুকতে দিচ্ছে না ইসরাইল


মিশরের রাফাহ সীমান্তে মানবিক ত্রাণ ও জ্বালানি বহনকারী ট্রাক। ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ইসরাইলের বাধার কারণে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। ২০২৫ সালের মার্চ মাস থেকে খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণ সামগ্রী মিশর ও জর্ডানে আটকে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য তাদের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে তা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে লাখো ফিলিস্তিনি চরম খাদ্য ও চিকিৎসা সংকটে পড়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, খাদ্যসামগ্রী, স্বাস্থ্যবিধি কিট, প্রয়োজনীয় ওষুধ ও আশ্রয় উপকরণসহ বিভিন্ন মানবিক সহায়তার চালান গত কয়েক মাস ধরে মিশর ও জর্ডানের গুদামগুলোতে সংরক্ষিত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউএনআরডব্লিউএ জানায়, “আমাদের জীবনরক্ষাকারী সহায়তা প্রস্তুত আছে, কিন্তু মার্চ ২০২৫ থেকে তা গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সময় নষ্ট করার কোনো সুযোগ নেই।”
🛑 পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ নিষিদ্ধ
২০২৪ সালের শেষ দিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করে ইসরাইল। এরপর থেকেই সংস্থাটির বিরুদ্ধে একের পর এক কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দপ্তরের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এক্সে দেওয়া এক পোস্টে কোহেন বলেন,
“কথায় ও কাজে আমি ইউএনআরডব্লিউএ’র জন্য পানি বন্ধ করে দিয়েছি।”
এর আগে একটি ইসরাইলি রেডিওতে তিনি দাবি করেন, ইউএনআরডব্লিউএ’র স্থাপনাগুলোতে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি তিনি নিজে তদারকি করেছেন।
মানবিক সহায়তা আটকে থাকায় গাজায় বসবাসরত সাধারণ মানুষের জীবন আরও ঝুঁকির মুখে পড়ছে। আন্তর্জাতিক মহল দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন মানবাধিকার সংস্থাগুলো।









