আজ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী


আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী । ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। শনিবার (২৪ জানুয়ারি) দলীয় ও পারিবারিকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে বিএনপি।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। দুদিন পর তার মরদেহ দেশে আনা হয় এবং ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ছোট ভাই এবং ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বনানী কবরস্থানে কুরআন খতমের আয়োজন করা হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা বনানী কবরস্থানে কোকোর কবরে পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী এবং কোকোর আত্মীয়স্বজন এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যান তিনি এবং সেখান থেকে মালয়েশিয়ায় অবস্থান নেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন কোকো।










