দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি—নাহিদ ইসলামের মন্তব্য

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
৬ মার্চ, ২০২৬ এ ৪:৫৪ পিএম
উত্তরায় এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

উত্তরায় এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে কেবল রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার (৬ মার্চ) উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় এক দলের জায়গায় আরেক দল ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের জীবনযাত্রা বা ভাগ্যের উন্নতি হয়নি। তিনি বলেন, আগে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পু তার বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘জিন্দাবাদ’ বলছেন। তার মতে, এভাবে শুধু স্লোগানের পরিবর্তন ঘটেছে, বাস্তবে মানুষের পরিস্থিতি একই রয়ে গেছে।

বক্তব্যে নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। তিনি বলেন, নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা সমাজে উদ্বেগ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, দেশে নারী নিপীড়ন ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও অনেক সুশীল সমাজ ও নারী অধিকারকর্মী নীরব ভূমিকা পালন করছেন। তার ভাষায়, এসব বিষয়ে সবাই নীরব থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না।

নাহিদ ইসলাম বলেন, মানুষের অধিকার রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য এনসিপি সব সময় কাজ করবে। দলটি ভবিষ্যতেও জনগণের বিভিন্ন ইস্যুতে সক্রিয়ভাবে ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় পর্যায়ের নেতারা।