গুগলের প্রজেক্ট জিনি অ্যাপ দিয়ে ঘুরে দেখুন নিজের তৈরি ভার্চ্যুয়াল জগৎ

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:০৮ এএম
গুগলের প্রজেক্ট জিনি অ্যাপে ব্যবহারকারীরা নিজের তৈরি ভার্চ্যুয়াল জগতে ঘুরে দেখতে পারবেন। ছবি: সংগৃহীত

গুগলের প্রজেক্ট জিনি অ্যাপে ব্যবহারকারীরা নিজের তৈরি ভার্চ্যুয়াল জগতে ঘুরে দেখতে পারবেন। ছবি: সংগৃহীত

পছন্দ অনুযায়ী নিজস্ব ভার্চ্যুয়াল জগৎ তৈরি করার সুযোগ দিতে নতুন ‘প্রজেক্ট জিনি’ অ্যাপ উন্মুক্ত করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর এই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা নিজস্ব ইন্টারঅ্যাকটিভ ভার্চ্যুয়াল পরিবেশ তৈরি করতে পারবেন। তৈরি করা জগৎ শুধু দেখার নয়, সেখানে ঘুরে দেখা ও পরিবর্তন করার সুবিধাও থাকবে।

গুগলের সিইও সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, প্রজেক্ট জিনি একটি প্রটোটাইপ ওয়েব অ্যাপ। এটি জিনি ৩, ন্যানো বানানা প্রো ও জেমিনির সমন্বয়ে তৈরি করা হয়েছে। পিচাই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রজেক্ট জিনির মাধ্যমে তৈরি একটি স্পেস স্টেশনে নভোচারী ঘুরে বেড়াচ্ছেন।

প্রজেক্ট জিনিতে জগৎ তৈরির প্রক্রিয়া শুরু হয় ‘ওয়ার্ল্ড স্কেচিং’ পদ্ধতির মাধ্যমে। ব্যবহারকারীকে লেখা বা ছবি দিয়ে নির্দেশনা দিতে হবে। এরপর AI স্বয়ংক্রিয়ভাবে চরিত্র, বস্ত্র ও পরিবেশ তৈরি করে একটি পূর্ণাঙ্গ ভার্চ্যুয়াল জগৎ গড়ে তোলে। প্রয়োজনে কোনো বস্তু বা ছবি ইনপুট হিসেবে ব্যবহার করা সম্ভব।

একবার জগৎ তৈরি হয়ে গেলে ব্যবহারকারীরা সেটি বিভিন্ন দিক থেকে ঘুরে দেখতে পারবেন। চাইলে অন্য কারো তৈরি জগৎকে নিজের প্রয়োজন অনুযায়ী পুনর্গঠন বা পরিবর্তনও করা যাবে। এই ফিচারটি ব্যবহারকারীর কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে।

তবে প্রজেক্ট জিনির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তৈরি জগৎ সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত ঘুরে দেখা যাবে। অনেক সময় দৃশ্যগুলো পুরোপুরি বাস্তবসম্মত মনে নাও হতে পারে। প্রাথমিকভাবে অ্যাপটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী গুগলের AI আলট্রা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গুগলের এই নতুন উদ্যোগ ভার্চ্যুয়াল বাস্তবতা ও AI-ভিত্তিক সৃজনশীলতার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে। এটি ব্যবহারকারীদের কল্পনার জগৎ বাস্তবায়নের এক নতুন পথ খুলে দিচ্ছে।

সূত্র: দ্য ভার্জ, ইন্ডিয়া টুডে