ডয়চে ভেলেকে তারেক রহমান

নির্বাচনে জয়ী হলে একক সরকার গড়বে বিএনপি

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:৩৬ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান, নারীর ক্ষমতায়ন, ভারতের সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।

সাক্ষাৎকারে তারেক রহমান জানান, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাজনৈতিক বাস্তবতা এবং ব্যক্তিগত শোক—দুটি বিষয় সামাল দেওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় তার মায়ের মৃত্যু তাকে মানসিকভাবে আঘাত করেছে বলেও উল্লেখ করেন তিনি। একই সময়ে নির্বাচনি প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে নেওয়াকে তিনি কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, তারা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন। তার ভাষায়, “আমরা আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা। আমরা আশাবাদী।” তিনি মনে করেন, জনগণের অংশগ্রহণই নির্বাচনের বিশ্বাসযোগ্যতার প্রধান উপাদান।

তরুণ ভোটার ও নতুন প্রজন্মকে আকৃষ্ট করার কৌশল প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী এবং নারী—সবার জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। তিনি জানান, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের ক্ষমতায়নের জন্য শিক্ষা ও অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। “দেশ গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়েই এগোতে হবে,” বলেন তিনি।

ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, যে কোনো চুক্তি যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থি হয়, তাহলে সে ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে। তিনি বলেন, “আমি আমার দেশের মানুষের প্রতিনিধিত্ব করি। দেশের স্বার্থই আমাদের কাছে প্রধান।” একই সঙ্গে তিনি গুম-খুনের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

ক্ষমতায় এলে ঐক্যবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায়। তার মতে, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থার জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি। “সবাই সরকারে গেলে রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হবে,” মন্তব্য করেন তিনি।

নারী ভোটারদের প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের শিক্ষাব্যবস্থা অবৈতনিক করার উদ্যোগের কথা স্মরণ করেন। তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে মেয়েদের শিক্ষার সুযোগ আরও উচ্চস্তর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দল নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছে এবং ঘোষিত ইশতেহার বাস্তবায়নের প্রস্তুতির কথা জানিয়েছে।