রমজান ২০২৬-এ টিসিবির পণ্য তালিকা প্রকাশ


রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির প্রস্তুতি। ছবি: সংগৃহীত
ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬: পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রমজান মাসজুড়ে বিশেষ ট্রাকসেল পরিচালনা করা হবে।
টিসিবি জানায়, বর্তমানে স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে উন্মুক্ত ট্রাকসেল কার্যক্রম। সংস্থার হিসাবে, রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোজায় টিসিবির নিয়মিত পণ্য যেমন সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রির পাশাপাশি ছোলা ও খেজুরও অন্তর্ভুক্ত থাকবে। এসব পণ্য ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে।
তবে ট্রাকসেলে প্রতিটি পণ্যের নির্ধারিত মূল্য ও বিক্রির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছে টিসিবি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজার পরিস্থিতি বিবেচনায় মূল্য ও সরবরাহের পরিমাণ নির্ধারণ করা হবে।
জানা গেছে, রমজান শুরুর আগের দিন থেকেই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। মাঠপর্যায়ে প্রস্তুতি চলছে। ভোক্তাদের সুবিধার্থে বিভিন্ন জেলা ও মহানগরের নির্ধারিত পয়েন্টে ট্রাক অবস্থান করবে।
টিসিবির এই উদ্যোগের লক্ষ্য হলো রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের ওপর মূল্যচাপ কমানো। সংস্থাটি শিগগিরই বিস্তারিত সময়সূচি ও বিক্রয়কেন্দ্রের তালিকা প্রকাশ করবে বলে জানা গেছে।










