নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ওমর সানী


ফেসবুকে ধানের শীষের প্রচারণার ছবি পোস্ট করে নিজের রাজনৈতিক অবস্থান জানান ওমর সানী। ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুক পোস্টে ওমর সানী লেখেন, “বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কিনা? ভোট আমি ধানের শীষে দেব।” একই সঙ্গে তিনি ধানের শীষের প্রচারণায় বক্তব্য দেওয়ার একটি ছবিও যুক্ত করেন। পোস্টটি প্রকাশের পর ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
নির্বাচনি আমেজে যখন রাজনীতিবিদদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও সক্রিয় হচ্ছেন, তখন নিজের অবস্থান প্রকাশ করে আলোচনায় এলেন এই অভিনেতা। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগের শাসনামলে বিনোদন জগতের কিছু তারকার রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ঘিরে যে সমালোচনা রয়েছে, তার প্রেক্ষাপটেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।
ওমর সানী পোস্টে নেটিজেনদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন—এমন প্রমাণ কেউ দেখাতে পারলে তা প্রকাশ করতে। এর মাধ্যমে তিনি নিজেকে বিতর্কমুক্ত দাবি করেন এবং প্রকাশ্যে নিজের রাজনৈতিক পছন্দ জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে তারকাদের এমন অবস্থান ভোটারদের মাঝে প্রভাব ফেলতে পারে। যদিও ওমর সানীর এই ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে সামাজিক মাধ্যমে তার পোস্ট ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিনোদন অঙ্গনের আরও তারকারা নিজেদের অবস্থান প্রকাশ করবেন কিনা, সেটিও এখন দেখার বিষয়।










