মুক্তি পেল সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্র ২’, ৪৮ ঘণ্টায় মিলিয়ন ভিউ

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩১ মার্চ, ২০২৬ এ ৫:০৬ এএম
‘চক্র ২’ ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় একাধিক তারকা, তৈরি হয়েছে রহস্যময় গল্প । ছবি: সংগৃহীত

‘চক্র ২’ ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় একাধিক তারকা, তৈরি হয়েছে রহস্যময় গল্প । ছবি: সংগৃহীত

প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় দর্শকদের সামনে এসেছে আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজটি ২৬ মার্চ মুক্তি পেয়েছে এবং মুক্তির পর অল্প সময়েই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ৪৮ ঘণ্টায় সিরিজটি ১০ লাখ মিনিটের বেশি দেখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পরিচালক ভিকি জাহেদের নির্মাণে ৮ পর্বের এই ওয়েব সিরিজটি তৈরি হয়েছে বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। সেই ঘটনাকে ভিত্তি করে প্রথম ‘চক্র’ নির্মিত হয়, যার ধারাবাহিকতায় এবার এসেছে ‘চক্র ২’।

সিরিজটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, আজমেরী হক বাঁধন, শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, ইহতিশাম আহমদ, মেঘলা মুক্তা, গাজী রাকায়েত, শাহেদ আলী সুজন ও মৌসুমি মৌসহ আরও অনেকে। এতে মোট ১৮টি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যা গল্পকে আরও জটিল ও আকর্ষণীয় করে তুলেছে।

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, এটি তার প্রথম ওয়েব সিরিজ হওয়ায় মুক্তির আগে কিছুটা নার্ভাস ছিলেন। তবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্ট। তার ভাষায়, “মুক্তির পর মনে হচ্ছে বড় একটি পরীক্ষা পার হতে পেরেছি। দেশের বাইরে থেকেও দর্শকরা ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন।”

নির্মাতা ভিকি জাহেদ জানান, দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতেই ‘চক্র ২’ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, সাধারণত অনেক সিরিজের পরবর্তী সিজনের ঘোষণা থাকলেও তা আর বাস্তবায়িত হয় না। তবে ‘চক্র’ নির্মাণের পর থেকেই দর্শকদের কাছ থেকে ‘চক্র ২’ নিয়ে নিয়মিত প্রশ্ন এসেছে, যা এই সিরিজ নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে।

বর্তমানে ‘চক্র ২’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে সিরিজটি নতুন এক অভিজ্ঞতা দিচ্ছে বলে মনে করছেন দর্শক ও বিশ্লেষকরা।