যমুনার সামনে সরকারি কর্মচারী-পুলিশ সংঘর্ষ, আহত ডিসি মাসুদসহ কয়েকজন


যমুনার সামনে ৯ম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ। ছবি সংগৃহীত
৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ডিসি মাসুদসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
বেলা সোয়া ১১টার দিকে যমুনা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একাধিক দফায় টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে পুলিশের একাধিক সদস্য এবং আন্দোলনকারীরা আহত হন। আহতদের মধ্যে ডিসি মাসুদের নাম নিশ্চিত হওয়া গেছে।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে আসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যদেরও নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে।
এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনে এগিয়ে যান।
মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা কর্মসূচি প্রত্যাহার করবেন না। আন্দোলনকারীদের অভিযোগ, অতীতে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ না করায় তারা ক্ষুব্ধ।
আন্দোলনকারীদের আরও অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে পে কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের সঙ্গে অবিচার করা হয়েছে। তারা দ্রুত সিদ্ধান্ত ও লিখিত ঘোষণা দাবি করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ, তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।










