সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৭:০২ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের সর্বোচ্চ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের যে রায় শুল্কনীতিকে ‘অবৈধ’ ঘোষণা করেছে, সেটিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, রায় ঘোষণার জন্য বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ এবং বিচারকদের ‘দেশপ্রেম ও সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি লজ্জিত’।

রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের শুল্কনীতির পক্ষে নয়, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। রায় হাস্যকর হলেও আমরা সমন্বয় প্রক্রিয়া শুরু করছি এবং আরও বেশি অর্থ আদায়ের চেষ্টা চালাব।”

সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপির মধ্যে ৬ জন রায়কে সমর্থন করেছেন। ট্রাম্পের মতে, এই রায় দেশের স্বার্থ এবং সংবিধান মেনে হয়নি। তিনি বলেন, “কিছু বিচারপির জন্য লজ্জিত, কারণ দেশের জন্য যা সঠিক তা করার সাহস তাদের নেই। তারা কট্টর বামপন্থি ডেমোক্র্যাটদের মতো নির্বোধ আচরণ করেছেন।”

প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, শুল্ক আরোপের সময় তার প্রশাসন সব দেশের সঙ্গে বিনয়ীভাবে আলোচনা করেছে। আদালতের রায় প্রভাবিত করতে কোনো অনৈতিক কর্মকাণ্ড করা হয়নি। ট্রাম্প দাবি করেছেন, শুল্ক ব্যবহার করে দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ হ্রাস পেয়েছে।

অবশেষে তিনি বলেন, “আমাদের শুল্কনীতি বহাল রয়েছে। আদালতের রায় ভুলভাবে আমাদের নীতি প্রত্যাখ্যান করায় এখন অন্যান্য বিকল্প ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে।” ট্রাম্পের মন্তব্য নতুন বিতর্ক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে কংগ্রেস ও সুপ্রিম কোর্টের মধ্যে।

সূত্র : এএফপি