ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সুখবর, কত টাকা সম্মানী দেবে সরকার?

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
২১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১:৩৭ পিএম
তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহদী আমিন। ছবিঃ সংগৃহীত

তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা মাহদী আমিন। ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগেই দেশের বিভিন্ন এলাকায় ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সম্মানীর পরিমাণ এখনো নির্ধারিত হয়নি; আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তা চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহদী আমিন জানান, বৈঠকে বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন-খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসবভাতা প্রদান।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিদ্ধান্ত হয়েছে, ঈদের আগেই পর্যায়ক্রমে কিছু এলাকায় এ কার্যক্রম শুরু করা হবে।

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন। মাহদী আমিন বলেন, “প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে কিছু এলাকায় সম্মানী দেওয়া হবে। পরবর্তী সময়ে তা বিস্তৃত করা হবে।” তিনি আরও জানান, সম্মানীর সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী) জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। এদিন তিনি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিগত বিষয় ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

প্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। পুরোনো কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং চলমান নীতিগত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন।” বৈঠকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি সূত্র জানায়, ঈদের আগেই সীমিত পরিসরে সম্মানী বিতরণ শুরু হলে তা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এখন আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে চূড়ান্ত অঙ্ক ও বাস্তবায়ন কাঠামো।