মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৫:০৯ এএম
মাটির নিচে ইরানের মিসাইল ঘাঁটি। ছবি সংগৃহীত

মাটির নিচে ইরানের মিসাইল ঘাঁটি। ছবি সংগৃহীত

মাটির নিচে অবস্থিত নিজেদের আরও একটি নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বুধবার এ তথ্য নিশ্চিত করে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভির উপস্থিতিতে ঘাঁটিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এ সময় তারা মিসাইল ঘাঁটির কার্যক্রম, প্রস্তুতি ও সামরিক সক্ষমতা পর্যালোচনা করেন।

ঘাঁটি পরিদর্শনকালে সামরিক বাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল শক্তি ও প্রতিরক্ষা প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি অন্যান্য জ্যেষ্ঠ কমান্ডারদেরও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, “শত্রুদের যেকোনো পদক্ষেপের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের সামরিক রণকৌশল পরিবর্তন করেছি।” তিনি জানান, ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে গেছে এবং দ্রুত ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। একই সঙ্গে অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজসহ উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করেছে। এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। তবে কূটনৈতিক সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তার প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচনের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিল, সম্ভাব্য যেকোনো সংঘাতের জন্য তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফলই এখন ঠিক করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাবে।

সূত্র: ফার্স নিউজ