দেবের সঙ্গে পাঁচ নায়িকার নাচ-আলোচনায় অনুপস্থিত শুভশ্রী


ছবি : সংগৃহীত
টালিউডে মুক্তির অপেক্ষায় দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’। ছবিটির প্রচার অনুষ্ঠান সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিউডের জনপ্রিয় পাঁচ নায়িকা, আর তাদের সঙ্গেই মঞ্চ মাতালেন সুপারস্টার দেব।
আসরে ছিল দর্শকের উপচে পড়া ভিড়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রিয় নায়ক দেবকে দেখার জন্য। একসময় রাজকীয় ভঙ্গিমায় মঞ্চে প্রবেশ করেন তিনি। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
এই অনুষ্ঠানে শুধু ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ হয়নি, বরং উদযাপন করা হয়েছে দেবের দীর্ঘ দুই দশকের অভিনয় যাত্রা। ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করায় দিনটি হয়ে ওঠে আরও বিশেষ।
এদিন দেবের সঙ্গে রোম্যান্টিক গানে নেচেছেন নুসরাত জাহান, পূজা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, কোয়েল মল্লিক ও শ্রাবন্তী চ্যাটার্জি। দীর্ঘ সময়ের সহঅভিনেতার সঙ্গে এমন মুহূর্তে অংশ নিতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তারাও।
তবে সবার নজরে ছিল একজনের অনুপস্থিতি—শুভশ্রী গাঙ্গুলী। একসময় দেব-শুভশ্রী জুটি দর্শকদের মনে ঝড় তুলেছিল। গত আগস্টে তাদের প্রত্যাবর্তনের গুঞ্জন ছড়ালেও এই বিশেষ অনুষ্ঠানে দেখা মেলেনি শুভশ্রীর। তার অনুপস্থিতির কারণ অবশ্য আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।









