ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কারণে পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল


ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংগৃহীত ছবি
ঢাকা, ৫ ফেব্রুয়ারি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি ন্যায্য সমর্থনের কারণে তাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান।” তিনি পোস্টে পাকিস্তান প্রধানমন্ত্রীর দুটি কোটসও তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় এবং বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব।
পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। তাই বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। এটি এক উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত।’
বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণে দলের ভারতে যাত্রা সীমিত রাখায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি নাকচ হয়ে যায়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
আইসিসির এই সিদ্ধান্তের মধ্যেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করেছে এবং বাংলাদেশের পাশে অবস্থান রেখেছে। ড. আসিফ নজরুল বলেন, “পাকিস্তানের এই পদক্ষেপ বাংলাদেশের প্রতি সহমর্মিতা এবং ন্যায্যতার পরিচায়ক।”
বিশ্বকাপের প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মাধ্যমে পাকিস্তান ক্রীড়াজগত এবং রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এ ঘটনায় দুই দেশের ক্রিকেট ও কূটনৈতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।











