বাংলাদেশ ইস্যুতে আইসিসি–পিসিবির জরুরি বৈঠক, লাহোরে বিসিবি সভাপতি


লাহোরে আইসিসির বৈঠকে অংশ নিতে ঢাকা ছাড়ার আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত
ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। এই পরিস্থিতি নিরসনে আজ রোববার পাকিস্তানের লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এই বৈঠকে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাহোরের উদ্দেশে রওনা দেন। আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত, বাংলাদেশের বাদ পড়া এবং উদ্ভূত কূটনৈতিক ও ক্রীড়া জটিলতা নিয়েই আলোচনার মূল ফোকাস থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভারতের মাটিতে খেলতে নিরাপত্তাজনিত ও নীতিগত কারণে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি থেকে বাদ দেওয়া হয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব উঠলেও আইসিসি তা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড।
এই সিদ্ধান্তের পরপরই বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে কড়া অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি জানায়, তারা ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে না। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আইসিসি দ্রুত আলোচনার পথে হাঁটে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শুরুতে পুরো বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে থাকার প্রতীকী সিদ্ধান্ত হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান নিয়েছে তারা। পিসিবির দাবি, বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল অন্যায্য ও পক্ষপাতদুষ্ট।
ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে আইসিসি এবং সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারদের আর্থিক স্বার্থ অত্যন্ত বড়। বিভিন্ন হিসাব অনুযায়ী, এই ম্যাচটি না হলে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ অন্তত ছয় হাজার কোটি রুপি হতে পারে। সে কারণেই দ্রুত সমঝোতার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ রোববার বিকেলের মধ্যেই ঢাকায় ফেরার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করেই বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান এবং বিশ্বকাপ সংশ্লিষ্ট পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।










