দেশের প্রথম এমভিএনও সিম চালু, মিলবে যেসব আধুনিক সুবিধা


দেশের প্রথম BTCL MVNO সিম চালু। ছবি সংগৃহীত
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের প্রথম মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম পরীক্ষামূলকভাবে চালু করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিসিএল এমভিএনওর লাইভ পাইলট কার্যক্রম শুরু হয়, যা দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিটিসিএল সূত্রে জানা যায়, পরীক্ষামূলক পর্যায়ে এ এমভিএনও সেবার আওতায় গ্রাহকদের জন্য মূলত তিন ধরনের সুবিধা চালু করা হয়েছে— আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড ডেটা এবং কোয়াড-প্লে সেবা। খুব শিগগিরই পরীক্ষামূলক ধাপ শেষ করে সাধারণ গ্রাহকদের জন্য এ সিম উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম সফলভাবে সচল হয়েছে। ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশনের চারটি ইভেন্টের প্রভিশনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে।
তিনি আরও জানান, বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন ও টেস্ট কল পর্যবেক্ষণ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ ফেব্রুয়ারি এমভিএনওর লাইভ পাইলট শুরু হয়েছে। বর্তমানে এমভিএনও ও ট্রিপল-প্লে সেবার সমন্বিত কার্যক্রম নিয়ে কাজ চলছে, যা একসঙ্গেই চালু হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিটিসিএল মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর মডেলের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা চালু করেছে। এ উদ্যোগকে দেশের টেলিযোগাযোগ খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ডিজিটাল সেবা উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য এ সেবা চালু করছে। এ প্ল্যাটফর্মে আনলিমিটেড ভয়েস কল ও ইন্টারনেটের পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’, জিপন কানেকশন, রাউটারসহ ব্রডব্যান্ড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম টফিও যুক্ত থাকবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়। আধুনিক এই প্রযুক্তি চালুর মাধ্যমে গ্রাহকসেবায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষামূলক পর্যায়ের অভিজ্ঞতা ও ফলাফলের ভিত্তিতে শিগগিরই বাণিজ্যিকভাবে এ সেবা সম্প্রসারণের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










