পিএসএল ২০২৬ নিলাম আজ

কখন ও কোথায় সরাসরি দেখবেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৬:১১ এএম
পিএসএল ২০২৬ নিলামে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

পিএসএল ২০২৬ নিলামে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে দল গঠন করতে যাচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) শুরু হচ্ছে পিএসএল ২০২৬-এর ঐতিহাসিক এই নিলাম। এবারের নিলামে অংশ নিচ্ছেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার, যা দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ নিলাম সরাসরি সম্প্রচার করা হবে পিএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব পেজেও লাইভ দেখা যাবে পুরো কার্যক্রম। ফলে বাংলাদেশি দর্শকরাও সহজেই অনলাইনে নিলাম উপভোগ করতে পারবেন।

এরই মধ্যে লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। নতুন মৌসুমে আরও দুই দল—হায়দরাবাদ ও শিয়ালকোট—যুক্ত হওয়ায় পিএসএল এখন আট দলের টুর্নামেন্টে রূপ নিয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল আগে থেকেই চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পেরেছে—প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে। বাকি স্কোয়াড গড়া হবে নিলামের মাধ্যমে। প্রতিটি দলে কমপক্ষে ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় থাকতে হবে।

বিদেশি ক্রিকেটারের সংখ্যা হবে ন্যূনতম পাঁচ এবং সর্বোচ্চ সাত। পাশাপাশি প্রতিটি স্কোয়াডে অন্তত দুইজন অনূর্ধ্ব-২৩ আনক্যাপড খেলোয়াড় রাখা বাধ্যতামূলক এবং প্রতি ম্যাচে তাদের মধ্যে অন্তত একজনকে একাদশে খেলাতে হবে।

বাংলাদেশি ক্রিকেটাররা বিভিন্ন ভিত্তিমূল্যে নিলামে আছেন। ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলামসহ আরও অনেকে। ৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে রয়েছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, নাসুম আহমেদ, সাব্বির রহমান, সাইফউদ্দিন ও অন্যান্য ক্রিকেটার।

পিএসএলের ইতিহাসে প্রথম নিলাম ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ৫০ বাংলাদেশির মধ্যে কারা দল পান এবং নতুন মৌসুমে কতজন মাঠে নামার সুযোগ পান।