রমজানের শুভেচ্ছা বার্তায় সৌদি বাদশাহ সালমান


সৌদি বাদশাহ সালমান: পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠ করছে। ছবি: সংগৃহীতন
পবিত্র রমজান ১৪৪৭ হিজরিতে মুসলিম বিশ্বের দুই পবিত্র মসজিদের খাদেম, সৌদি বাদশা সালমান ফিলিস্তিনের জনগণ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেছেন।
মঙ্গলবার সৌদি নাগরিক, প্রবাসী এবং বিশ্বজুড়ে মুসলমানদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি বলেন, এই মহিমান্বিত মাসে আল্লাহ যেন সবাইকে বরকত দান করেন, নেক আমল কবুল করেন এবং সৌদি আরবসহ সকল অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি স্থায়ী করেন।
বাদশাহর বার্তা সৌদি আরবের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সালমান আদ দোসারি পাঠ করেছেন। বার্তায় উল্লেখ করা হয়, রমজান এমন একটি মাস, যখন জান্নাতের দরজা উন্মুক্ত থাকে। এই মাসে রয়েছে এক বিশেষ রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে নামাজ ও ইবাদত-বন্দেগিতে আল্লাহর সাহায্য কামনা করা হয়।
বার্তায় আরও জানানো হয়, পবিত্র দুই মসজিদ ও মসজিদে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবার দায়িত্ব সৌদি আরবের জন্য এক মহান সম্মান। আল্লাহর সহায়তায় এই দায়িত্ব পালনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।
বাদশাহ সালমান বিশ্ব মুসলমানদের উদ্দেশে বলেন, রমজান আত্মশুদ্ধি, নেক আমল বৃদ্ধি, পারস্পরিক সহমর্মিতা ও সংহতি জোরদার করার এক অনন্য সুযোগ। এ সময় মুসলমানরা আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন।










