এ বছর ফিতরা কত? ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে নতুন হার

ধর্ম ডেষ্ক
ধর্ম ডেষ্ক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:১৬ এএম
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০২৬ সালের ফিতরার নতুন হার নির্ধারণ। ছবিঃ সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০২৬ সালের ফিতরার নতুন হার নির্ধারণ। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে রমজান মাসের জন্য এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) ফিতরার হার একই ছিল।

২৫ ফেব্রুয়ারি বুধবার, ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের জন্য এ ফিতরার হার চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক, এতে কমিটির সদস্য এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

ফিতরা নির্ধারণের ক্ষেত্রে ইসলামী শরীয়াহ অনুযায়ী, মুসলমানরা গম, আটা, যব, খেজুর, কিসমিস এবং পনিরের মধ্যে যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য দিয়ে গরিবদের মধ্যে ফিতরা বিতরণ করতে পারবেন।

গম এবং আটার ক্ষেত্রে এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) এবং যব, খেজুর, কিসমিস ও পনিরের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) পরিমাণ দিয়ে ফিতরা আদায় করতে হবে। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে।

মুফতি আবদুল মালেক জানিয়েছেন, উন্নতমানের আটা বা গমের ক্ষেত্রে ১১০ টাকা, যবের ক্ষেত্রে ৫৯৫ টাকা, কিসমিসের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা, খেজুরের ক্ষেত্রে ২ হাজার ৪৭৫ টাকা এবং পনিরের ক্ষেত্রে ২ হাজার ৮০৫ টাকা ফিতরা আদায় করা যাবে।

এছাড়া, স্থানীয় বাজার মূল্য অনুযায়ী ফিতরা আদায় করার সুযোগ রয়েছে এবং এই প্ল্যাটফর্মে ফিতরা নির্ধারণের সুবিধা পাওয়া যাবে।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন