মানসিক অশান্তি দূর করতে কোরআনের নির্দেশনা


চিন্তামুক্ত থাকার জন্য কোরআন-হাদিসে বর্ণিত দোয়া
মানুষের জীবনে দুশ্চিন্তা, উদ্বেগ আর মানসিক চাপ নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ঘুম ভাঙার পর থেকেই নানা দুশ্চিন্তা মাথায় ভর করে। চাকরি, স্বাস্থ্য, পরিবার কিংবা আর্থিক অবস্থার চাপ প্রতিদিনই মনে অস্থিরতা তৈরি করে। এসব কারণে অনেক সময় রাতে শান্তিতে ঘুম হয় না, আবার দিনভর উৎকণ্ঠা গ্রাস করে।
মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন উপদেশ পাওয়া যায়। তবে সবচেয়ে বড় উপায় হলো আল্লাহ তায়ালার ওপর ভরসা রাখা এবং তাঁর কাছে দোয়া করা। রাসূলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন, যেগুলো পড়লে দুশ্চিন্তা ও ভয়ভীতি দূর হয়। এখানে একটি বিশেষ দোয়া উল্লেখ করা হলো, যা মনকে শান্ত করতে সাহায্য করবে।
আরবি দোয়া:
حَسْبِيَ اللهُ لا إله إلا هو عَليه تَوَكّلْتُ وهو رَبُّ الْعَرشِ العَظِيْمِ
উচ্চারণ:
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
অর্থ:
“আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি তাঁর উপর ভরসা করেছি, আর তিনি মহা আরশের অধিপতি।”
দোয়ার ফজিলত
হজরত আবু দারদা (রা.) বর্ণনা করেছেন, যে ব্যক্তি সকাল-বিকাল এই দোয়াটি সাতবার পড়ে, আল্লাহ তায়ালা তাকে দুনিয়া ও আখিরাতের সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন। (আবু দাউদ)
আল্লাহর ওপর ভরসা
পবিত্র কোরআনে বারবার আল্লাহর ওপর ভরসা করার কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন,
“মুমিন তো তারাই, যাদের হৃদয় কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর তাঁর আয়াত তাদের সামনে তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের প্রতিপালকের উপরই নির্ভর করে।” (সুরা আনফাল, আয়াত: ২)
অন্য আয়াতে বলা হয়েছে,
“যারা ঈমান এনেছে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।” (সুরা নাহল, আয়াত: ৯৯)
এছাড়া আল্লাহ বলেন,
“যারা ধৈর্য ধারণ করে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে।” (সুরা নাহল, আয়াত: ৪২)
আরও বলা হয়েছে,
“মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করাই কর্তব্য।” (সুরা ইবরাহীম, আয়াত: ১১)
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। কোরআনে বর্ণিত হয়েছে,
“যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। নিশ্চয়ই আল্লাহ সব কাজ নির্ধারিত পরিমাপে সম্পন্ন করেন।” (সুরা তালাক, আয়াত: ২-৩)









