Something went wrong

দেশ পরিবর্তনে গ্র্যাজুয়েটদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

ধর্ম ডেষ্ক
ধর্ম ডেষ্ক
১ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৪:২৭ এএম
মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের সনদ প্রদান করেন ধর্ম উপদেষ্টা। ছবি:সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের সনদ প্রদান করেন ধর্ম উপদেষ্টা। ছবি:সংগৃহীত

দেশের ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ গ্র্যাজুয়েটরাই দেশ পরিচালনায় নেতৃত্ব দেয় এবং আগামী দিনের সমাজ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে। শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, গ্র্যাজুয়েটদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সেবা করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশ গঠনে শুধু ডিগ্রি নয়, বরং সততা ও দায়িত্ববোধই একজন শিক্ষিত নাগরিকের প্রকৃত পরিচয় বহন করে।

জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের পরিবেশে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে এক হাজার ৭৫৪ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান করা হয়। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন।

সমাবর্তনে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, দেশের ৫৪ বছরের ইতিহাসে যেমন সাফল্য রয়েছে, তেমনি ব্যর্থতাও আছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে গ্র্যাজুয়েটদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাবি উপাচার্য আরও বলেন, একজন শিক্ষার্থীর আজকের অবস্থানে পৌঁছাতে সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকা গ্র্যাজুয়েটদের নৈতিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, সামনের দিনগুলো সহজ নয়; দক্ষতা ও পরিশ্রম দিয়েই নিজের জায়গা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূইয়া এবং উপাচার্য অধ্যাপক মো. মনজারুল আলম। সমাবর্তন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Advertisement
Advertisement