টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের এমপি হয়েই

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন স্বপন ফকির

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১১:৩৮ এএম
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে । মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতি মন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূল থেকে উঠে আসা এই নেতা গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন।
প্রায় ২৫ বছরের রাজনৈতিক সংগ্রাম, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।
স্থানীয়রা মনে করছেন, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান খাতে তার নেতৃত্বে এলাকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও আধুনিকায়নের সুযোগ সৃষ্টি হবে।

নবনিযুক্ত মন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, টাঙ্গাইল-১ আসনের জনগণের সম্মান। প্রধানমন্ত্রী ও দলের আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো। দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উন্নয়নে কাজ করতে চাই।

এদিকে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন- তার নেতৃত্বে মধুপুর-ধনবাড়ী আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।