উইকিমিডিয়া বাংলাদেশে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:১৪ এএম
নতুন মেয়াদের জন্য নির্বাচিত উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি সংগৃহীত

নতুন মেয়াদের জন্য নির্বাচিত উইকিমিডিয়া বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। ছবি সংগৃহীত

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশ ২০২৬–২৭ মেয়াদের জন্য নতুন ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ১৭ জানুয়ারি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে কমিটি নির্বাচিত হয়। পরে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক সভায় নেতৃত্ব ও পদবি বণ্টন চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির রহমান। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাকিল হোসেন। সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন—মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম এবং মো. তানবিন ইসলাম সিয়াম।

বার্ষিক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠিত হওয়ায় সংগঠনের গণতান্ত্রিক চর্চা আরও দৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। প্রথম সভায় নতুন নেতৃত্ব আগামী দুই বছরের কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন করে।

বাংলাদেশে উইকিপিডিয়ানদের উদ্যোগে গড়ে ওঠা উইকিমিডিয়া বাংলাদেশ এক দশকেরও বেশি সময় ধরে অনলাইনে বাংলা জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করতে কাজ করছে। ২০১১ সালের ৩ অক্টোবর এটি বিশ্বব্যাপী ৩৯তম চ্যাপ্টার হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০১৪ সালের ৯ জুন সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী দেশে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়।

সংগঠনটি উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর লক্ষ্য বাস্তবায়নে তরুণদের ডিজিটাল স্বেচ্ছাসেবায় যুক্ত করছে। নতুন নেতৃত্ব জানিয়েছে, বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়ন, মুক্ত জ্ঞানের প্রসার এবং নতুন স্বেচ্ছাসেবক তৈরিতে তারা অগ্রাধিকার দেবে। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি বলেন, “মুক্ত জ্ঞান সবার জন্য উন্মুক্ত করতে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

উইকিমিডিয়া বাংলাদেশের দর্শন—পৃথিবীর প্রতিটি মানুষ যেন মানবতার সমগ্র জ্ঞানের অংশীদার হতে পারে। শিক্ষা ও জ্ঞানপ্রাপ্তিকে মানবাধিকার হিসেবে বিবেচনা করে উন্মুক্ত জ্ঞানচর্চা বিস্তারে নতুন কমিটি আগামী মেয়াদে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।