ভাষা শহীদদের শ্রদ্ধায় সম্পূর্ণ প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার


বহুমাত্রিক নিরাপত্তায় প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ছবিঃ সংগৃহীত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের বরণে প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনভর প্রস্তুতি শেষে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়েছে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার ও আশপাশের সড়কগুলো শিল্পীর রঙে নতুন সাজে সজ্জিত। রাস্তার ডিভাইডারে লাগানো হয়েছে ফুলগাছ। বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন প্রান্তের মানুষ নতুন রূপে সাজানো শহীদ মিনার দেখতে আসেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধবের সঙ্গে ছবি তোলেন। সন্ধ্যার পর ধীরে ধীরে সাধারণ দর্শনার্থীদের সরিয়ে দেওয়া হয়।
নিরাপত্তা জোরদার করতে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ হল মোড় ও শিববাড়ি মন্দির মোড়ে ব্যারিকেড বসানো হয়েছে। সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও কঠোর করা হয়। নির্দিষ্ট নিরাপত্তা পাস ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সকালে এলাকা পরিদর্শন শেষে বলেন, মহান শহীদ দিবসে ব্যাপক জনসমাগম হবে। সে কারণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শৃঙ্খলা বজায় রেখে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ বছর ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হচ্ছে। ১৯৫২ সালের শহীদদের স্মরণে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতভর নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা কার্যকর থাকবে।








