দুপুর ২টা পর্যন্ত দেশজুড়ে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি


ভোট চলাকালে একটি কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ চলাকালে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল। একই সময়ে ৫৯টি জালভোট, ৩টি ব্যালট বাক্স ছিনতাই এবং বিভিন্ন ধরনের সহিংসতার তথ্যও নিশ্চিত করা হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।
জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। এছাড়া বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। এসব ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক হস্তক্ষেপ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছয়জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ১৮টি স্থানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার ৩৩টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। একটি সূত্র জানায়, “যেখানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফল সংগ্রহ ও গণনা প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








