দুপুর পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ


আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের হার নিয়ে ব্রিফিং করছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিব জানান, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য কমিশনের হাতে এসেছে। তিনি বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী ভোটার উপস্থিতি সন্তোষজনক। কোথাও ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি।”
তিনি আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের প্রায় ৪২ হাজার কেন্দ্রের মধ্যে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ৫৯টি স্থানে জালভোটের অভিযোগ পাওয়া গেছে এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।
চলমান ভোটগ্রহণের শেষ দেড় ঘণ্টা চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট শেষ হওয়ার পর কেন্দ্রভিত্তিক ফল সংগ্রহ ও গণনা প্রক্রিয়া শুরু হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কমিশন আশাবাদী যে ভোটগ্রহণ নির্ধারিত সময়েই সম্পন্ন হবে এবং পরবর্তী ফলাফল যথাসময়ে ঘোষণা করা হবে।








