যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে অগ্রগতি, ১৪ দফা সমঝোতার পথে দুই দেশ: রয়টার্স


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনা জোরদার হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট একটি পাকিস্তানি সূত্র এই তথ্য দিয়েছে। আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দ্রুতই এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকে ঐকমত্যে পৌঁছানো যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। সূত্রটি জানায়, প্রস্তাবিত এই মেমো যুদ্ধবিরতির জন্য একটি প্রাথমিক কাঠামো তৈরি করবে, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে।
এ বিষয়ে আগেই মার্কিন সংবাদমাধ্যম Axios-এর এক প্রতিবেদনে একই ধরনের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ‘আমরা খুব শিগগিরই এটি সম্পন্ন করব। আমরা চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি আছি।’
রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। যদিও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এটাই দুই পক্ষের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের আলোচনা।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তেলের দামের অস্থিরতা কমতে পারে।
বর্তমানে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার রয়েছে। চূড়ান্ত সমঝোতা স্বাক্ষরিত হলে যুদ্ধবিরতির একটি আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।









