নির্বাচন ২০২৬: নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোট পরিস্থিতি দেখলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
১২ ফেব্রুয়ারী, ২০২৬ এ ৯:৫৫ এএম
পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণের অগ্রগতি সরাসরি তদারকির অংশ হিসেবে তিনি এই পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন।

পুলিশ সদর দপ্তরে এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রাপ্ত তথ্য সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানানো হয়।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে তিনি বাড্ডা হাইস্কুল কেন্দ্র এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসব কেন্দ্রে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কাছ থেকে ভোটগ্রহণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।” তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন সমন্বিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও গণনা প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।