Something went wrong

সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২২ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:১০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালক রনি হত্যার মামলায় সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে তিনি মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই গ্রেপ্তারের আদেশ দেন। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম আদালতে ইমরানকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় অটোরিকশা চালক মো. রনি গুলিবিদ্ধ হন। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আলোচিত ছাগলকাণ্ডের পর থেকে সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের নাম বিভিন্ন বিতর্কে উঠে আসে। এর আগে গত ৩ মার্চ সিআইডি তাকে গ্রেপ্তার করে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে। বর্তমানে তিনি একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন।

এই মামলার মাধ্যমে ইমরান হোসেনের বিরুদ্ধে আরও একটি গুরুতর অপরাধের অভিযোগ যুক্ত হলো। আদালতের নির্দেশে পুলিশ এখন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

Advertisement
Advertisement